রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে তাদের সব ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীতে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। ঝটিকা মিছিলের মাধ্যমে ছাত্রলীগ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পুনরায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
এর আগে বুধবার সকালে রাজশাহীতে ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। নগরীর রাজপাড়া থানার সিটিহাট এলাকায় অনুষ্ঠিত ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিলটি বের করেন। মিছিলটি সিটিহাট এলাকার বাইপাস সড়ক প্রদক্ষিণ করে কিছু দূর এগিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক পরা ছিল।
এদিকে, মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছে। ভিডিওতে কয়েকজনকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা মিছিলের ভিডিও সংগ্রহ করেছে এবং তা বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, “সকাল ৮টার দিকে মিছিল হওয়ার তথ্য আমরা পেয়েছি। ভিডিও সংগ্রহ করা হয়েছে। ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

