১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:০০:৫৮ পূর্বাহ্ন
নির্বাচন দায়িত্বে মৃত্যুতে ১০ লাখ টাকা অনুদান
  • আপডেট করা হয়েছে : ১০-০৬-২০২৬
নির্বাচন দায়িত্বে মৃত্যুতে ১০ লাখ টাকা অনুদান

যেকোনো নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মারা গেলে তার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেবে নির্বাচন কমিশন।



বুধবার (১০ জুন) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসির উপ-সচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, দুর্ঘটনা বা হামলায় মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে সর্বোচ্চ ১০ লাখ টাকা, গুরুতর আহত বা স্থায়ী অক্ষম হলে ৪ লাখ টাকা, গুরুতর আহত বা অস্থায়ী অক্ষম হলে ২ লাখ টাকা এবং সাধারণ আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।



আকস্মিক অসুস্থতাজনিত মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ বা স্থায়ী অক্ষম হলে ৩ লাখ টাকা, সাময়িক অসুস্থতায় ৫০ হাজার টাকা, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসায় ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসায় ২ লাখ টাকা পর্যন্ত অনুদানের বিধান রাখা হয়েছে।


ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে কমিশনে উত্থাপিত হলে কমিশন যে পরিমাণ নির্ধারণ করবে, সে অনুযায়ী অনুদান দেওয়া হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা স্পষ্ট আকারে ছিল না। নতুন নীতিমালা চালু হওয়ায় অনুদান বিতরণে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টন নিয়ে জটিলতা কমবে।


শেয়ার করুন