রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে র্যাব-৫।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দিঘলকান্দি এলাকার ঈদগাঁও বটতলা সংলগ্ন সাথি ফার্নিচারের সামনে বানেশ্বর-চারঘাট সড়কে এ অভিযান চালানো হয়। র্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।
আটককৃতরা হলেন পুঠিয়ার রঘুরামপুর গ্রামের জারজিস হোসেন (৩২) এবং নামাজগ্রাম উল্লাপুকুর এলাকার হাসিব (২৪)। র্যাব জানায়, এসময় তাদের কাছ থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জায়গা থেকে ট্যাপেন্টাডল সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধার করা ট্যাবলেটগুলোও বিক্রির উদ্দেশ্যেই রাখা হয়েছিল। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে র্যাব জানিয়েছে।

