ঝালকাঠির
ভীমরুলী ভাসমান পেয়ারা বাজার এলাকায় বেড়াতে গিয়ে খালে গোসল করতে নেমে নিখোঁজ সানি হাওলাদার (১৩) নামের এক কিশোরের মরদেহ
প্রায় ৫ ঘণ্টা পর
উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার
(১৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী বাজার-সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।
নিহত
সানি হাওলাদার রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের
মো. সোহেল হাওলাদারের ছেলে।
স্থানীয়
সূত্রে জানা যায়, শনিবার সকালে রাজাপুর উপজেলা থেকে প্রায় ১৫ জনের একটি
দল ট্রলারে করে ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে বেড়াতে যায়। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে সবাই খালে গোসল করতে নামে। একপর্যায়ে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছে উঠে পানিতে ঝাঁপ দেয়। এরপর সে আর পানির
ওপর ভেসে ওঠেনি।
সঙ্গীরা
প্রথমে নিজেদের উদ্যোগে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পুলিশ
ও ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর
পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৫ ঘণ্টা তল্লাশির
পর সন্ধ্যা ৭টার দিকে ডুবুরি দল সানিকে উদ্ধার
করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, উদ্ধার হওয়া কিশোরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত
ঘোষণা করেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

