০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ০৭:৪০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ের ডাবল সেঞ্চুরি নিয়ে যা বললেন সিমন্স
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
হৃদয়ের ডাবল সেঞ্চুরি নিয়ে যা বললেন সিমন্স

১৮৪ রানে ৭ম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তখনও ১৭২ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। ফলে বড় লিডের পথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তা হতে দেননি তাওহিদ হৃদয় ও তাইজুল ইসলাম। অষ্টম উইকেটে দুজনের ১১৭ রানের জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ৩০ রানের লিড পেয়েছে টাইগাররা। ২৪২ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার।


হৃদয়কে নিয়ে প্রধান কোচ ফিল সিমন্স বললেন, '(হাসি) হৃদয়ের সঙ্গে কথা বলার সুযোগ পেলে তাকেই জিজ্ঞেস করতে পারেন, তার সাফল্যের রহস্য কী! কারণ সেটা শুধু সে-ই জানে। সে দীর্ঘ সময় ধরে ব্যাটিং করেছে। ঢাকায় কিছু বাজে শট খেলেছিল, কিন্তু এই ম্যাচে তাকে সেই অভিযোগ দেওয়ার সুযোগ নেই। এখানে সে যথেষ্ট পরিণত ব্যাটিং করেছে।'


'আমি ব্যাটারদের আলাদা করে কোনো বার্তা দিই না। তারা নিজেদের প্রতিভা ও সামর্থ্য অনুযায়ী ঠিক করে কীভাবে ব্যাটিং করবে। আমরা শুধু তাদের বোঝানোর চেষ্টা করি, মাঠে নামার পর দায়িত্ব তাদেরই। তখন পরিস্থিতি বুঝে নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। আমি তো ড্রেসিংরুমে থাকি। সেখান থেকে সব সময় বার্তা দেওয়া সম্ভব নয়। হৃদয় ছাড়াও মুশফিক, তাইজুল এবং অন্য যারা ব্যাটিং করেছে, সবাই মিলে পরিস্তিতি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে।'


সিলেট টেস্টে কত রানের লক্ষ্য চায় বাংলাদেশ? এমন প্রশ্নে সিমন্সের উত্তর, '(হাসি) কত রানের লক্ষ্য তাড়া করতে স্বাচ্ছন্দ্যবোধ করব, সেটা এখনই বলতে পারব না। শেষবার পাকিস্তানের বিপক্ষে এখানে আমরা তাদের প্রায় ৫০০ রানের লক্ষ্য দিয়েছিলাম। তারা ৩০০ থেকে ৪০০ রানের মধ্যে গিয়ে থেমেছিল। তাই আমার কাছে এখনও উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। দেখা যাক, আগামীকাল সকালে তারা কী করে এবং শেষ পর্যন্ত আমাদের সামনে কত রানের লক্ষ্য দাঁড়ায়।'




শেয়ার করুন