১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:৩১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা ভিন্ন
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৬
সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা ভিন্ন

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন করতে হবে অনলাইনে। প্রথম শ্রেণির জন্য আবেদন ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। 



অপরদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা–২০২৭’ থেকে এসব তথ্য জানা যায়।


নীতিমালা অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণিতে আসন খালি থাকতে হবে। প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। 


পাশাপাশি অন্য শ্রেণিগুলোতে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে শিক্ষার্থী ভর্তি করা হবে।


জানা যায়, ভর্তি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ডিজিটাল লটারির সময় ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি অপেক্ষমাণ তালিকাও তৈরি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়া হবে।


নীতিমালায় বলা হয়, ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ, ফি জমা এবং ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশসহ ভর্তি কার্যক্রম নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে।


প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়ার বিধান রাখা হয়েছে।


ভর্তি আবেদন ও সময়সূচি-সংক্রান্ত বিস্তারিত তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে (www.shed.gov.bd) প্রকাশ করা হবে।




শেয়ার করুন