১২ মে ২০২৬, মঙ্গলবার, ১১:৪৪:১০ অপরাহ্ন
রাজশাহীতে যানজট সচেতনতায় বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২৫
রাজশাহীতে যানজট সচেতনতায় বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

‘নগর হোক সাইকেলবান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’ এই সেøাগানকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে, এবং দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি। গতকাল শুক্রবার সকালে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে শুরু হওয়া এই র‌্যালিতে অংশ নেন কয়েকশ সাইক্লিস্ট। র‌্যালিটি ঈদগাহ রোড থেকে ফায়ার সার্ভিস রোড, সি অ্যান্ড বি মোড়, চিড়িয়াখানা, ডিআইজি অফিসের সামনে হয়ে ইউটার্ন নিয়ে পুনরায় সি অ্যান্ড বি মোড় ও ফায়ার সার্ভিস রোড পেরিয়ে ঈদগাহ মাঠে এসে শেষ হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী। তিনি বলেন, বাইসাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি দূষণমুক্ত পরিবেশ গড়ার শক্তিশালী মাধ্যম। নিয়মিত সাইক্লিং শরীরচর্চা ও মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত উপকারী। তিনি স্বাস্থ্যসুরক্ষায় প্রতিদিন সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। ভোর থেকেই ঈদগাহ মাঠে জমে ওঠে সাইক্লিস্টদের মিলনমেলা। র‌্যালির আগে আয়োজিত সাইকেল স্ট্যান্ড শো দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ যোগায়।


র‌্যালিতে অংশ নেওয়া সাইক্লিস্টরা বলেন, সাইকেল মনকে প্রফুল্ল রাখে। এটি শারীরিক ব্যায়াম হিসেবে কার্যকর এবং বিভিন্ন রোগ থেকে শরীরকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। তারা আরও বলেন, নগরীতে দিন দিন যানজট, দূষণ ও কালো ধোঁয়া বাড়ছে। এসব সমস্যা সমাধানে বাইসাইকেলের ব্যবহার বাড়াতে হবে, যার জন্য দরকার পৃথক সাইকেল লেন।


রাউন্ড টেবিল বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি বলেন, সাইক্লিং একটি টেকসই ও পরিবেশবান্ধব জীবনধারার প্রতীক। তরুণ প্রজন্ম যদি এই অভ্যাস গড়ে তোলে, রাজশাহী আরও সুন্দর ও প্রাণবন্ত শহরে পরিণত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এজাজ মাহমুদ রনি। তিনি একইসঙ্গে রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও সাইকেল র‌্যালি কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন। আয়োজকদের মতে, ক্রমবর্ধমান যানজট, দূষণ ও জ্বালানি সঙ্কট মোকাবিলায় সাইক্লিং হতে পারে টেকসই ভবিষ্যতের অন্যতম ভিত্তি। তারা বলেন, বাইসাইকেলের ব্যবহার শুধু সময়ের প্রয়োজনে নয়, এটি এক নতুন জীবনধারার অংশ হয়ে উঠুক এই আহ্বানেই আমাদের আয়োজনের সার্থকতা।


শেয়ার করুন