১৭ মে ২০২৬, রবিবার, ০৭:২৯:১৯ অপরাহ্ন
নওগাঁয় ভরা মৌসুমেও বাড়ল চালের দাম, বিপাকে ক্রেতারা
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৬
নওগাঁয় ভরা মৌসুমেও বাড়ল চালের দাম, বিপাকে ক্রেতারা

ধান-চাল উৎপাদনে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত নওগাঁয় বর্তমানে চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে অধিকাংশ ধান কৃষকের ঘরে উঠেছে এবং হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত সরবরাহ। তবে বোরোর ভরা মৌসুমেও কমার পরিবর্তে গত এক সপ্তাহে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে।




ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন চালের সরবরাহ কম এবং ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দামও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ভোক্তাদের অভিযোগ, ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির পেছনে সিন্ডিকেটের কারসাজি রয়েছে। তারা বাজার নিয়ন্ত্রণে চালকলগুলোতে মজুতবিরোধী অভিযান ও নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।



শহরের পৌর ক্ষুদ্র খুচরা চাল বাজারে বর্তমানে মানভেদে প্রতি কেজি স্বর্ণা-৫ চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৪৯ টাকায়। এক সপ্তাহ আগে এই চালের দাম ছিল ৪৫ থেকে ৪৬ টাকা। পুরাতন কাটারি (শর্টেজ) চাল বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৭৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৭০ থেকে ৭২ টাকা। পুরাতন কাটারি (হাতছাঁটি) চাল বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ টাকায়, যা আগে ছিল ৬৮ টাকা। তবে জিরাশাইল চাল আগের দামেই ৭০ থেকে ৭২ টাকায় বিক্রি হচ্ছে।



ইকবাল হোসেন নামে এক ভোক্তা বলেন, ‘একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে যে বেতন পাই সেটা বাজার করতেই শেষ হয়ে যায়। গত সপ্তাহ থেকে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। এতে আমাদের মতো সাধারণ ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে। আমাদের আয় কম, কিন্তু খরচ বেশি হচ্ছে।’



মানিক নামে আরেকজন ভোক্তা বলেন, ‘ভরা মৌসুমে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। ধান-চাল মজুত করে রেখে কেউ দাম বাড়াচ্ছে কি না, সে বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখতে হবে।’



পৌর ক্ষুদ্র চাল বাজারের লক্ষ্মী চাল ভাণ্ডারের স্বত্বাধিকারী উত্তম সরকার বলেন, ‘সরু জাতের কাটারি ও মোটা জাতের স্বর্ণা-৫ চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। পাইকারিতে বেশি দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া বাজারে নতুন চালের সরবরাহ কম।’




নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু ফসল নষ্ট হয়েছে এবং শুরুতে ধানের দাম কিছুটা নিম্নমুখী ছিল। এখন বাজারে ধানের দাম বেশি। এছাড়া সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। এজন্য পাইকারিতে চালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে।'


শেয়ার করুন