২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ০১:৪১:২৮ অপরাহ্ন
ফুল ও মিষ্টি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে মিনু, রাজশাহীর উন্নয়নে একসঙ্গে কাজের অঙ্গীকার
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২৬
ফুল ও মিষ্টি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে মিনু, রাজশাহীর উন্নয়নে একসঙ্গে কাজের অঙ্গীকার

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত পরাজিত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভূমিমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।


শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফুল ও মিষ্টি নিয়ে নগরীর কাদিরগঞ্জ এলাকায় প্রফেসর জাহাঙ্গীরের কার্যালয়ে যান তিনি। এ সময় ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উভয় নেতা। এ সময় প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ভূমিমন্ত্রীর হাতে একটি ইসলামী বই উপহার তুলে দেন।


সাক্ষাতে পরস্পরের খোঁজখবর নেওয়ার পাশাপাশি রাজশাহীর সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, “আমরা সবাই মিলেমিশে আছি, থাকব। আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান ছিল, আছে এবং থাকবে। সরকারি দল ও বিরোধী দল মিলেই দেশের রাজনীতি পরিচালিত হয়। রাজশাহীর উন্নয়ন বিষয়ে আমার যেসব পরিকল্পনা ছিল, সেগুলোর সঙ্গে মিনু ভাইয়ের অনেক মিল রয়েছে।”


তিনি আরও বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রেশম ও গার্মেন্টস খাতকে এগিয়ে নেওয়া, মেডিকেল সেক্টরের উন্নয়ন এবং শিশু হাসপাতাল চালুর মতো বিষয়গুলোতে উদ্যোগ নেওয়া জরুরি। এ সব বিষয় নিয়ে আমরা একসঙ্গে কাজ করে যাব।’

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “সবাই মিলে রাজশাহীকে গড়ে তুলতে চাই। এই শহর শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত থাকবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা একযোগে কাজ করব।”


তিনি সহাবস্থানের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “সমন্বিত প্রচেষ্টায় রাজশাহীকে বিশ্বমানের শহরে রূপান্তর করা সম্ভব।”


দুই নেতার সাক্ষাৎকালে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পান ১ লাখ ৩৭০ ভোট। পরবর্তীতে বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের পর মন্ত্রিসভায় ভূমিমন্ত্রীর দায়িত্ব পান মিজানুর রহমান মিনু।


শেয়ার করুন