চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগে আট শিক্ষার্থীকে দুই বছরের জন্য সাময়িক একাডেমিক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি কেন তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে পৃথক কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়েছে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের হোসাইন শাহীদ আবির; ওয়াটার রিসোর্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আবু সায়েম, প্রিয়ম বিশ্বাস, তানভীর ফয়সাল আহমেদ শিমুল ও দেবজ্যোতি দে; ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাকিবুল করিম; এবং যন্ত্রকৌশল বিভাগের মো. আদনান শাহরিয়ার ও নাফিজ ইমতিয়াজ ফাহিম।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই দিবাগত রাত প্রায় ১১টা ৫০ মিনিটে শহীদ আবু সাঈদ হলের ৫২৯ নম্বর কক্ষে সহকারী প্রভোস্টরা অভিযান চালান। এ সময় ওই শিক্ষার্থীদের গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়। পরে কক্ষ তল্লাশি করে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সহকারী প্রভোস্টদের লিখিত অভিযোগ, হল প্রভোস্টের সুপারিশ, জব্দ করা আলামত এবং স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ৩০৬তম সভায় উপস্থাপিত তথ্য-উপাত্ত পর্যালোচনায় অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ‘মাদক প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬’-এর বিধি ১১(খ) অনুযায়ী ন্যূনতম শাস্তি হিসেবে তাদের দুই বছরের জন্য সাময়িক একাডেমিক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের মেয়াদ ১২ জুলাই ২০২৬ থেকে ১১ জুলাই ২০২৮ পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ন্যূনতম শাস্তি আরোপ করা হলেও নীতিমালা অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৬ জুলাই সকাল ১১টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে হবে।
এ ছাড়া, শিক্ষার্থীরা চাইলে আগামী ২৭ জুলাই সকাল ১১টায় অনুষ্ঠিতব্য স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে নিজেদের পক্ষে ব্যক্তিগত শুনানির সুযোগ গ্রহণ করতে পারবেন। এ জন্য ২৬ জুলাই সকাল ১১টার মধ্যে পৃথক লিখিত আবেদন জমা দিতে হবে।

