চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি জাল টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে রাজশাহী র্যাব-৫ এর সিপিসি-১। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট ২০২৬) রাত ১০টা ৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মো. শামীম আলী (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মো. তসিকুল ইসলাম (৩০)। রাজশাহী র্যাব-৫ এর সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বালুবাগান এলাকায় একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে তা বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে রাত ১০টা ৫৫ মিনিটে বালুবাগানের জনৈক মো. মইদুল ইসলামের মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। এ সময় ফ্ল্যাটের ভেতর থেকে শামীম ও তসিকুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে তাদের হেফাজত থেকে বিভিন্ন দেশের ৪৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, পলাতক খান সাহেব নামের এক ব্যক্তির মদদে তারা দীর্ঘদিন ধরে এই ভাড়া বাসায় বসে জাল টাকা তৈরি করে আসছিলেন। তৈরি করা জাল নোট তারা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। র্যাব-৫ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার জানান, গ্রেফতার দুইজন এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক মূল হোতা খান সাহেবকে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

